নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ক্রোনি গ্রুপের ক্রোনি টেক্স সোয়েটার কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা কারখানার ভেতর ব্যাপক ভাংচুর চালান। খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রোনি সোয়েটার কারখানার কয়েকজন শ্রমিককে সম্প্রতি ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে গতকাল সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও কারখানার
ভেতর ভাংচুর করেন। পরে তারা আবন্তি গ্রুপে গিয়ে সেখানেও শ্রমিকদের বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করে ভাংচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে এ অসন্তোষ তৈরি হয়।










