ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই লাইনে চলে আসায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন। গতকাল বেলা ৩টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ও ৬০৪ নং কনটেইনার ট্রেনের মাঝে এ দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রুটে অন্তত দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও আজমপুর স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস দাঁড়ানো ছিল। একই সময়ে প্রায় ১০০ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬০৪ নং কনটেইনারবাহী ট্রেন চলে আসে। ট্রেনের সহকারী চালক আবু তালহা জানান, সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করছিলেন। এ সময় সামনে আরেকটি ট্রেন দেখে জরুরি ব্রেক ধরে ট্রেন থামিয়ে ফেলেন।










