খরচ নিয়ে নেতিবাচক প্রচারণা থাকলেও দেশের বেসরকারি খাতের স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত বলে মন্তব্য করেছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শনিবার (৩০ আগস্ট) বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ ২০২৫’-এর প্যানেল আলোচনায় তিনি বলেন, ‘দেশের মানুষকে বেসরকারি স্বাস্থ্য সেবার ওপর আস্থা রাখতে হবে। এ খাতের সেবার মান অনেক উন্নত। যদিও খরচ নিয়ে নেতিবাচক প্রচারণা রয়েছে।‘
তিনি জানান, বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় দেশে টিবি প্রোগ্রামসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্তমানে চাপে রয়েছে। এ প্রেক্ষাপটে বেসরকারি স্বাস্থ্য সেবা খাতকে আরো কার্যকর ও জনবান্ধব করে তুলতে হবে।
এ সময় ডা. এ এম শামীম তার বক্তব্যে কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে প্রথম সুপারিশে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে তার চিকিৎসা ইতিহাসের সারসংক্ষেপ যুক্ত করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশের প্রত্যেক রোগীর চিকিৎসা ইতিহাস সহজে পাওয়া যাবে।’
দ্বিতীয় সুপারিশে পরিবার পরিকল্পনার ৪৫ হাজার কর্মীকে স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘এটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছাতে সহায়ক হবে।’
এছাড়া তার সুপারিশে প্রাইভেট হেলথ কেয়ার লাইসেন্স হালনাগাদ করা এবং রোবটিক সার্জারির অনুমোদন দেয়ার মাধ্যমে দেশে উন্নত প্রযুক্তির চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রস্তাবও উঠে আসে।
তিনি সেবাগ্রহীতা ও সেবাদাতা উভয় পক্ষকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য সেবা খাত সম্পর্কে নেতিবাচক প্রচারণা থেকে বিরত থাকার এবং বিদেশে চিকিৎসা নিতে না গিয়ে দেশেই মানসম্পন্ন চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।










