বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে রাজনৈতিক দলগুলোকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।’
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে’ বলে যে বক্তব্য দিয়েছেন এটিকে ‘মারাত্মক অভিযোগ’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘উনি জেনেশুনে বলে থাকলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।’
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ।










