করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে নেয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। এই রুটের যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কারো শরীরে করোর উপসর্গ থাকলে নিয়মমাফিক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য বিভাগ।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন ভারতীয় যাত্রী আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছেন। একই সঙ্গে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা নিয়ে এ চেকপোস্ট দিয়ে বাংলাদেশি যাত্রী চলাচল করছেন।
ওমিক্রনের সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে ভারত থেকে আসা যাত্রীরা টিকার দুই ডোজ গ্রহণ এবং করোনাভাইরাস পরীক্ষার সনদ আছে কিনা সেটি দেখা হচ্ছে। পাশাপাশি ওমিক্রনের উপসর্গ থাকলে তাৎক্ষণিক পরীক্ষা করার ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য চেকপোস্টে হেলথ স্ক্রিনিং বুথ করা হয়েছে। বুথে একজন মেডিকেল কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথের দায়িত্বরত চিকিৎসক ফয়জুন্নেচ্ছা আমিন জানান, বাংলাদেশে প্রবেশ করা মাত্র ভারতীয় যাত্রীদের কাছে করোনাভাইরাস পরীক্ষার কাগজপত্র আছে কিনা সেটি নিশ্চিত করা হয়। পাশাপাশি কারো কোনো উপসর্গ আছে কিনা সেটিও দেখা হচ্ছে।
জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে আসা যেসব যাত্রী ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোতে ভ্রমণ করেছেন- তাদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে। যদি উপসর্গ থাকা কোনো যাত্রী পাওয়া যায়, তাহলে চেকপোস্টেই পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
ভারতে এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন।










