কক্সবাজারের টেকনাফের খালে মাছ ধরতে যাওয়া আট বাংলাদেশী জেলেকে তুলে নিয়ে গিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের পরিবারের কাছে সেলফোনে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা করে দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা। গতকাল বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।

অপহূত আটজন হলেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।

পরিবারের বরাত দিয়ে ওসি আব্দুল হালিম জানিয়েছেন, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদের রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

মোস্তফা ও করিম নামে দুই ভাই অপহূত হয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিব উল্লাহ। তিনি জানান, পাহাড়ের ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ করে পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদের অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায় বলে সেলফোনে জানিয়েছেন মোস্তফা। এর পর থেকে তার ফোন বন্ধ রয়েছে। পরে ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা।

বাহারছড়ার ইউপির প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কাদের বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের অপহরণ করা আটজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।