শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি করে আসছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। গতকাল টানা চতুর্থ দিনের মতো তারা শাহবাগ অবরোধ করে কর্মসূচি পালন করেন, যা দুপুর থেকে চলে রাত পর্যন্ত।

গতকাল বেলা সোয়া ২টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে সংগঠনটি। এতে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। সোয়া ২টার পর তারা শাহবাগ মোড় বন্ধ করে দেন।

ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও যোগ দিয়েছে।

রোববার সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। পরে রাত ১০টার দিকে খুনিদের গ্রেফতার, বাংলাদেশে থাকা ভারতীয়দের কাজের অনুমতি বাতিলসহ চার দফা দাবি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

গতকাল শাহবাগ মোড়ের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একটু পর পর তারা হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব; আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব; শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ; জান দিয়েছে হাদি ভাই, জুলাই কিন্তু বেঁচে নাই; বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই; যেই হাদি জনতার, সেই হাদি মরে না; বাংলাদেশের আজাদি, ওসমান হাদি; সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ প্রভৃতি স্লোগান দেন।