আগামী ২২ কার্যদিবসের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ‘সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমরা (গত ২৫ ডিসেম্বর) ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম, আর বাকি আছে ২২ দিন। আমরা ওই কার্যদিবস ধরেই এগোচ্ছি। এর মধ্যে যদি সরকার এ খুনের বিচারকাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব।’
গতকাল বিকালে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তিনি।
জাবের বলেন, ‘৭ জানুয়ারির মধ্যে শুধু খুন যারা করেছেন, তারা নন, এ খুনের পেছনে যারা রয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও ইনসাফের আন্দোলন শুরু করেছিলেন। ফলে অনেকেই মনে করেছে, হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময় তারা ক্ষমতায় আসতে পারবে না, সীমান্তে লাশ ফেলা যাবে না। দিল্লির তাঁবেদারি করা যাবে না। সবকিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে।’
খুনিদের গ্রেফতারে সরকারের সদিচ্ছা নেই উল্লেখ করে জাবের বলেন, ‘হাদিকে গুলি করার আজ ২১ দিন অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত এ খুনের সঙ্গে সম্পৃক্ত ২১ জনকেও সরকার গ্রেফতার করতে পারেনি। ১১ জনকে গ্রেফতার করেছে। খুনিদের বাপ, মা, বোন, ভাইকে গ্রেফতার করেছে। খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেফতার করতে সক্ষম হয়নি। গ্রেফতারের বিষয়ে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হচ্ছে না। ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদি খুনের সঙ্গে জড়িত দুজনকে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে। মেঘালয় পুলিশ বলছে, কাউকে গ্রেফতার করেনি। তার মানে হলো ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’










