নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জৈনপুর, মনারকান্দিসহ ১০টি গ্রামের মানুষ স্বাধীনতার পর থেকে জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করত। অনেক জনপ্রতিনিধি ভোটের আগে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কেউ কথা রাখেননি। এবার সাঁকো পারাপারের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাছুম। প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য বাঁশের সাঁকোর পরিবর্তে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে।
গতকাল সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর হতে মনাইয়েরকান্দি গ্রামের জরাজীর্ণ সাঁকোর পরিবর্তে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত স্থানীয়দের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী তানভীর, প্রমুখ।
পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাছুম বলেন, সরকারি অনুদানসহ আমি আমার নিজস্ব অর্থায়নে পিরোজপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।










