নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত ক্রোনি গ্রুপের ক্রোনি টেক্স-সোয়েটার গার্মেন্টসে শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এ সময় তারা গার্মেন্টস কারখানার ভেতর ব্যাপক ভাংচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি ক্রোনি সোয়েটার গার্মেন্টসের কয়েকজন শ্রমিককে ছাটাই করা হয়। এর প্রতিবাদে আজ গার্মেন্টসের শ্রমিকরা এক হয়ে প্রতিবাদ শুরু করেন। তারা গার্মেন্টসের সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
এ সময় তারা নিজেদের কারখানায় ঢিল ছোড়েন ও অভ্যন্তরে ভাংচুর চালান। পরে পাশের আবন্তি গ্রুপে গিয়ে সেখানকার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করেন। পরে পুলিশ এসে প্রতিবাদকারীদের ছাত্রভঙ্গ করে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪’র পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।










