নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলের বয়লার বিস্ফোরণ ও আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ও গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।

নিহতরা হলেন কারখানায় কর্মরত শ্রমিক হজরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)।

ডা. এসএম আইউব হোসেন বলেন, রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ মো. হজরত আলী শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আর গতকাল সকাল ৯টার দিকে মারা যান বেলায়েত হোসেন। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় মো. সিরাজুল ইসলাম (৬০) নামে আরো একজন চিকিৎসাধীন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ, শনিবার বিকালে রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত সিটি গ্রুপের প্রতিষ্ঠান সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় কারখানার চার শ্রমিক দগ্ধ হন।