বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি টিকা শিগগিরই কীভাবে দেয়া যায় সে চেষ্টা চলছে।
গতকাল সকাল ৮টায় আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশকে সরবরাহ করা হবে। এ বিষয়ে আলোচনা করতেই দেশে যাচ্ছি।
এ সময় ভারতীয় হাইকমিশনার আরো বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শেষ করে চলতি বছরের ডিসেম্বরে এ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে আমি আশা করি। এতে উভয়ই লাভবান হবে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সকালে সস্ত্রীক আখাউড়া ইমিগ্রেশনে পৌঁছেন। এ সময় চেকপোস্টে বিক্রম দোরাইস্বামীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ইমিগ্র্রেশন ইনচার্জ আবদুল হামিদ প্রমুখ।
এর আগে ভারতীয় হাইকমিশনার জানিয়েছিলেন, সেরামের টিকা দেয়ার বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। ভারতে টিকার উৎপাদন বাড়লে এ বিষয়ে অগ্রগতি জানানো যাবে বলে তিনি জানিয়েছিলেন।










