প্রাথমিক চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। চিকিৎসকেরা তাকে প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসা দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, চিকিৎসা শেষে বিএনপি মহাসচিবকে বেলা দুইটার দিকে বাসায় নেয়া হয়েছে। তিনি এখন বিশ্রামে আছেন।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।