কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে মোহাম্মদ সলিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই হামলার জন্য আরাকান স্যালভেশন আর্মিকে (আরসা) দায়ি করা হচ্ছে।

গতকাল শনিবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে।

আজ রোববার সকালে ঘটনাটি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, রাত ১০টার দিকে ওই আশ্রয় শিবিরে মোহাম্মদ সলিমকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে ১০ থেকে ১২ জন আরসা সন্ত্রাসী। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সলিমকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ আলী।