ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় একটি পিকনিক বাস উল্টে দুজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ও নিহতরা যশোরের বাঘারপাড়া বাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।
কাশিয়ানি থানার উপপরিদর্শক দেওয়ান সাদেকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে তিনটি বাসে করে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অফিসের কর্মীরা। সারাদিন গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস তিনটি যশোরের উদ্দেশে রওনা দেয়। ফেরার পথে কাশিয়ানি বাটিয়াপাড়া মোড়ে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। মূল সড়ক থেকে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় দ্বিতীয় বাসটির যাত্রী অভিভাবক সদস্য বিদুৎ কুমার বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত হয় বাসটিতে থাকা আরো ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক। আহতদের মধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাসকে যশোর জেনারের হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।










