ঢাকা-১৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইউনুচ আলীর কাছে এ মনোনয়নপত্র জমা দেয়া হয়।

জামায়াত আমিরের পক্ষ থেকে শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ পাঁচজনের একটি প্রতিনিধি দল।

জমা দেয়ার পর এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আজকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে ওনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার দিতে পারি সেই প্রত্যাশা করছি।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি সে প্রত্যাশা করছি। এটা নিয়ে আরো কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে জামায়াতের এ নেতা বলেন, ‘নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরো কাজ করার আছে।’

জুবায়ের বলেন, ‘১০ দলের মধ্যে আসন সমঝোতার মাধ্যমে এবার নির্বাচন করছি আমরা। প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবেন। একটা আসনে শুধু একটি দলই থাকবে। বাকিদের আমরা সমর্থন জানাব।’

সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, আরেকটা রাজনৈতিক দল তাদের সঙ্গে যোগ দিচ্ছে। তবে সেই দলের নাম পরে জানানো হবে।

ঢাকা-১৫ আসন থেকে আরো মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান, এনসিপির আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম ফজলুল হক, গণফোরামের একেএম শফিকুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল।