বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মরহুম শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ একেএম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠান। এ ঘটনা নিয়ে বিবৃতি দিয়ে গ্রেফতারকৃত ব্যক্তির মুক্তি দাবি করেছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে মতপ্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়। সুতরাং বিএনপি মনে করে, নিজের মতপ্রকাশের কারণে একেএম শহিদুল ইসলামকে গ্রেফতার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি। তাই অবিলম্বে শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেয়ার জন্য অনুরোধ করছি।










