নারায়ণগঞ্জ সিটি (নাসিক) নির্বাচনকে সামনে রেখে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রশাসনকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। আজ রোববার দুপুরে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচনের কমিশনারের কাছে প্রার্থীরা লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেন। এ ছাড়া ব্যালট বাদে ইভিএমে ভোট গ্রহণের ব্যাপারেও কথা বলেন। প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার বলেন, এবার আমি নিজে নির্বাচন মনিটরিং করব। এই এলাকার ভোটারদের মধ্যে যেন ক্ষোভের সৃষ্টি না হয়।

প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, কেউ নিয়ম না মেনে মাইক ব্যবহার করছেন, অনেকে মেনে ব্যবহার করছেন। প্রশাসনের কাছে নির্দেশ, নির্ধারিত সময়ের আগে-পরে মাইক দেখলেই ব্যবস্থা নিতে হবে।  প্রয়োজনে সে মাইক জব্দ করতে হবে। এ সময় যথাযথ ব্যবস্থা না নিলে প্রশাসনকেও ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দেন মো. রফিকুল ইসলাম।

নির্বাচন কমিশনার আরো বলেন, আমরা আপনাদের কাছে কিছু কাগজ দিয়েছিলাম। সেই কাগজে আপনারা (প্রার্থীরা) আপনাদের বক্তব্য তুলে ধরেছেন। আপনাদের সবার অভিযোগ আমরা আমলে নিয়েছি, আমরা ব্যবস্থা নেব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভোটারদের বলবেন ভোটকেন্দ্রে যেতে। এরপরও যদি যেতে না পারে তাহলে তো পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‌্যাব আছে। তাদেরকে জানাবেন, তারা ব্যবস্থা নেবে।

এসময় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সহযোগিতা চান মো. রফিকুল ইসলাম। ইভিএমের ব্যাপারে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ইভিএমে আরেকজন যদি আপনার ব্যালটে টিপ দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বাঁধা দেবেন। এরপরেও বন্ধ না হলে ডকুমেন্টারি অভিযোগ দেবেন। দরকার হলে আমরা ভোট বন্ধ করে দিয়ে পুনরায় ভোটের ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, ইভিএমে একজনের ভোট আরেকজনের কাছে চলে যাওয়া কখনই সম্ভব না। এ আশঙ্কার কোনো কারণ নেই।

আজকের মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নাসিক নির্বাচনে রিটানিং কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা প্রশাসন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমসহ অনেকে।