হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাহাজ চলাচল শুরু হবে।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের জানমাল ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপাতত একদিনের জন্য টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।’

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে একদিনের জন্য জাহাজ বন্ধ রয়েছে। সেন্ট মার্টিনে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। তারা স্বাভাবিক আছে। আবহাওয়া তেমন খারাপ দেখা যাচ্ছে না। জাহাজ এলে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই।’