দৈনিক বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরোর উপ-ব্যুরো প্রধান সুজিত চন্দ্র সাহার বাবা কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহা (৭৩) পরলোকগমন করেছেন। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে নিজ বাসায় শারীরিক অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিজেন্দ্র লাল সাহা গত বেশ কিছুদিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য বন্ধু-শুভাকাঙ্খী রেখে গেছেন।

১৯৫২ সালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ন্যায়মস্তি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহা। কয়েক দশক ধরে কবিগানসহ সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে ‘ঢেউ ধাওয়ানী নদী’ নামে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তিনি কবিয়াল শাহ্ মো. বাঙ্গালিসহ চট্টগ্রাম অঞ্চলের কবিয়ালদের সঙ্গে লোকিক কবিগানের আসরেও অংশ নিয়েছেন।

দ্বিজেন্দ্র লাল সাহার জ্যেষ্ঠ সন্তান সুজিত চন্দ্র সাহা জানান, বাবা ক্যান্সারসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ওই রাতেই তিনি জ্ঞান হারান। পরে চমেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, সনাতন রীতি অনুসারে নগরীর কোরবানীঞ্জের বলুয়ার পাড় দিঘি এলাকার অভয়মিত্র মহাশ্মাশানে মঙ্গলবার দুপুরে বাবার দাহকার্য সম্পন্ন হয়। নগরীর বাসায় তার অন্ত্যেষ্টিক্রিয়া ও আনুষাঙ্গিক ক্রিয়াদি সম্পন্ন করা হবে।