নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে দখল করে গড়ে ওঠা নবাব আব্দুল মালেক জুট মিল, এসআর শিল্প লবণের গোডাউনসহ ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় পারটেক্স গ্রুপের আম্বর পেপার মিলস, এসএম এসেনশিয়াল, নারায়ণগঞ্জ সাইলোর অভ্যন্তরে আটটি সীমানা পিলারের জটিলতা নিরসন করা হয়।

বিআইডব্লিউটির নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, মনির হোসেন প্রমুখ।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর ও পূর্ব তীর দখল করে গড়ে ওঠা ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আটটি সীমানা পিলারের জটিলতা নিরসন করা হয়। নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা যাবতীয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।