শিশুদের রোগ প্রতিরোধে মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ রোববার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের ভিটামিন এ খাওয়ালেই হবে না, জন্ম পর পর শিশুকে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। ভিটামিন 'এ' শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। সেইসঙ্গে হামসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বলেও জানান তিনি।
সাখাওয়াত হোসেন আরো বলেন, ইউনিসেফের মাধ্যমে আমরা লাল ও নীল রঙের ২ কোটি ৬০ লাখ ভিটামিন এ ক্যাপসুল সংগ্রহ করেছি। এসব ক্যাপসুলের মান কেমন- এমন প্রশ্নে তিনি বলেন, টিকার মান ভালো। ইউরোপে একটি সম্মেলনে অংশগ্রহণ করে এসেছি, সেখানে টিকার মান নিয়ে কথা হয়েছে ইউনিসেফের সঙ্গে। উন্নত মানের টিকা সংগ্রহ করা হয়েছে। আন্তর্জাতিক পরীক্ষাগারে পরীক্ষা করে আমরা দেশে টিকা এনেছি।
এ ক্যাম্পেইন সারা দেশব্যাপী এক যোগে এক দিনে বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে ১৫ মার্চ, ২০২৫ সর্বশেষ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয় । প্রথম রাউন্ডে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাপসুল বিতরণের জন্য নির্দিষ্ট কেন্দ্রের সংখ্যা ১ লাখ ১০ হাজার এবং মোবাইল কেন্দ্রের সংখ্যা ৫০০ টি।










