সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি। যার বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, আজ শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ উড়োজাহাজে করে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন ব্রাক্ষণবাড়িয়ার কসবা এলাকার জামিল আহমদ (২৮)। উদ্ধারকৃত স্বর্ণের ১২টি বার তার উরুতে বিশেষ ব্যবস্থায় বাঁধা ছিল। অন্য ২টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার তার হাতব্যাগ থেকে উদ্ধার করা হয়। স্বর্ণ উদ্ধারের পর জামিল আহমদকে গ্রেফতার করা হয়েছে।

এসব তথ্য জানিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আল আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জামিল আহমদের ওপর বিশেষ নজর রাখা হয়েছিল। তাকে পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন। এরপর সবার উপস্থিতিতে তার পায়ের উরুতে বিশেষভাবে বাঁধা অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জামিলের হাতব্যাগ থেকে ২টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার ছাড়াও স্বর্ণালংকারের মধ্যে বেশিরভাগই গলার চেইন। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য সোয়া কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।