সামর্থ্য নেই, এমন কোনো মিথ্যা আশ্বাস জামায়াতে ইসলামী দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘সামর্থ্য বিবেচনায় যে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব, সেই পরিকল্পনাই জাতির কাছে তুলে ধরা হবে।’

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে শফিকুর রহমান এ মন্তব্য করেন। জামায়াতের আয়োজনে ‘হ্যালো আওয়ার লিডার’ শীর্ষক এ অনুষ্ঠানে দলটির আমির ছাত্র ও যুবকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, ‘নাগরিকদের চিন্তাভাবনা জানার জন্য এরই মধ্যে জামায়াত “‍জনতার ইশতেহার” নিয়ে এসেছে। সেখান থেকে আসা প্রস্তাব ও স্বপ্নগুলো জামায়াত তাদের ইশতেহারে তুলে ধরতে চায়।’

তরুণদের ভাবনাকে গুরুত্ব দিয়ে জামায়াত পরিকল্পনা সাজাবে উল্লেখ করে অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, ‘ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই এগোচ্ছে দলটি। আজকের পরিকল্পনা আগামীকালের বাস্তব কর্মসূচি হবে। তবে এমন কোনো মিথ্যা আশ্বাস দেয়া হবে না, যেটা করার সামর্থ্য জামায়াতের নেই। এটি শুধু আশ্বাস আর পরিকল্পনায় সীমাবদ্ধ থাকবে না, জাতির সহযোগিতা পেলে বাস্তবায়নও করা হবে।’