সিরাজগঞ্জের রায়গঞ্জে ও সলংগায় পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমাম ও এক ভ্যানচালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক ভ্যান যাত্রী। নিহত ভ্যান চালক ইসমাইল হোসেন (৪৫) রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের বাসিন্দা এবং অপরজন সলঙ্গা থানার চড়িয়া রয়হাটি গ্রামের পর্বত উল্লাহর ছেলে পাষাণ আলী (৫০)। তিনি পাশ্ববর্তী কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাকোনায় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক একটি অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেন মারা যান এবং আহত হন ভ্যানে থাকা এক যাত্রী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহতকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। 

অপরদিকে সোমবার রাতে একই মহাসড়কের রয়হাটি এলাকায় উত্তরবঙ্গগামী একটি মাইক্রো বাসের ধাক্কায় মসজিদের ইমাম পাষাণ আলী গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার সময় তিনি রাস্তায় মারা যান। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ইমামের মরদেহ রাতেই পরিবারের লোকজনকে দিয়ে দেয়া হয়েছে। অপরদিকে সকালে দুর্ঘটনায় নিহত ভ্যান চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে।