আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন হাতি প্রতীক।

আজ মঙ্গলবার সকাল দশটা থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থীসহ মোট ১৮৯ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এবারের নাসিক নির্বাচনে মেয়র পদে কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, স্বতন্ত্র প্রার্থীসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীক বরাদ্দ পেয়ে সেলিনা হায়াত আইভী বলেন, এবারো নারায়ণগঞ্জবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। নির্বাচনকে সামনে রেখে ফায়দা হাসিলের জন্য কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মান-অভিমান ভুলে সবাইকে নৌকার পক্ষে কাজ করতেও অনুরোধ করেন সাবেক মেয়র।

জনগণের চাহিদায় এ নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানান বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। নির্বাচনে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার নারায়ণগঞ্জবাসী নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। কেউ নির্বাচনী আচরণ লঙ্ঘন করলে বিধি মোতাকেব প্রার্থী বা তার সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার দেন তিনি।