স্কয়ার গ্রুপের পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, স্বাস্থ্যে বেসরকারি খাত অভূতপূর্ব অবদান রেখে চলেছে। স্বাস্থ্য খাতে যারা কাজ করছেন বিশেষ করে চিকিৎসক, হাসপাতাল ও টেকনিশিয়ান যারা পরিচালনা করছেন সবাইকে তার প্রাপ্য সম্মান দিতে হবে।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ এসব কথা বলেন তিনি।
তপন চৌধুরী বলেন, প্রাইভেট সেক্টরকে নিয়ন্ত্রণ করতে হবে এমন কথা উঠেছে। এগুলো অপমানজনক। মনে রাখতে হবে, স্বাস্থ্য খাতে প্রাইভেট সেক্টর অভূতপূর্ব অবদান রেখে চলেছে। এই সম্মানটুকু না থাকলে দেশ এগোবে না। ৬৭ বছরে ধরে এই ফিল্ডে কাজ করছি। কাজেই, স্বাস্থ্য খাতের এই অগ্রগতি যদি কেউ মনে করেন কয়েকদিনে অর্জিত হয়েছে তাহলে তিনি ভুল করছেন।
তিনি বলেন, কয়েকজনের অবদানে দেশ এই জায়গায় আসেনি। এদেশের জনগণ, স্বাস্থ্য খাতে যারা কাজ করেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান সবার অবদান রয়েছে।










