ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ও ৬০৪ নং কন্টেইনার ট্রেনের মধ্যে এ দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। আখাউড়া স্টেশনে আটকা ছিল সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং আজমপুর স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা ।

সরজমিনে দেখা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস দাঁড়ানো। এর পেছনেই থেমে আছে চট্টগ্রামগামী ৬০৪ নম্বর কন্টেইনার।ট্রেনের সহকারী চালক আবু তালহা বলেন, আমি সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করি। তবে সামনে ট্রেন দেখে দুর্ঘটনার আশঙ্কায় আমার ট্রেনটি থামিয়ে ফেলি। অবশ্য কোনো লিখিত নির্দেশনা না থাকায় তাৎক্ষণিকভাবে তিনি ট্রেন পেছাতে রাজি হননি। 

এদিকে, স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলামের দাবি, তাকে ট্রেন পেছানোর জন্য কাগজ দেয়া হয়েছে। এছাড়া ওই চালক সিগন্যাল অতিক্রম করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে কেন তিনি এমনটা করলেন তা জানি না।