কক্সবাজারের টেকনাফে টানা নয় ঘণ্টা অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন টেকনাফে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আব্দুর রহমান। তিনি জানান, শাহপরী দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় গত সোমবার একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন সেন্ট মার্টিন স্টেশনের কোস্টগার্ড সদস্যরা। ডাকাত দলের মূল আস্তানাটি তারা ঘিরে ফেলেন। পরবর্তী সময়ে সেখান থেকে ছয় সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করা হয়। একই সঙ্গে তাদের দেয়া তথ্যমতে খড়ের দ্বীপের বনে চিরুনি অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শর্টগান, ছয়টি দেশী পিস্তল, চারটি ম্যাগাজিন, ৪৫০ রাউন্ড তাজা গোলা, ৩৬ রাউন্ড ফাঁকা গোলা, চারটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা, বিদেশী মদ ২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহূত সাত সেট পোশাক, একটি হ্যান্ডকাপ, একটি ল্যান্ড ফোন, চারটি বাটন মোবাইল জব্দ করা হয়।

আব্দুর রহমান আরো জানান, খড়ের দ্বীপটি টেকনাফ থেকে দূরবর্তী বিচ্ছিন্ন এবং জনশূন্য। এ সুযোগটি কাজে লাগিয়ে সেখানে অবস্থান নিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ডাকাতি, মাদকদ্রব্য ও মানবপাচারসহ নানা অপকম চালিয়ে আসছিল।