নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে মমতাজ বেগম নামে এক নারীকে শ্বাসরোধ ও নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আতাউরকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১০টায় ফতুল্লাহর শ্মশানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার উপপরির্দশক রাশেদুল ইসলাম জানান, যৌতুকের জন্য সৃষ্ট পারিবারিক কলহের জের ধরে গতকাল সকালে মমতাজ বেগমের সঙ্গে স্বামী আতাউর রহমানের ঝগড়া হয়। একপর্যায়ে মমতাজ বেগমের শরীরে তার স্বামী ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কী দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে কি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

এসআই রাশেদুল জানান, এ ঘটনায় নিহতের স্বামী আতাউর রহমানকে (৩৮) আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।