বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে এবিএম আব্দুস সাত্তারকে। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এএএম সালেহকে (সালেহ শিবলী) নিযুক্ত করা হয়েছে তারেক রহমানের প্রেস সচিব হিসেবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক আমলা এবিএম আব্দুস সাত্তার এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এএএম সালেহকে (সালেহ শিবলী) নিজের প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। সদ্য নিয়োগপ্রাপ্ত এ দুই কর্মকর্তা গতকাল থেকেই তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে।
এর মধ্যে এবিএম আব্দুস সাত্তার এর আগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ গত বছরের অক্টোবরে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবেও মনোনীত হয়েছেন তিনি।
এছাড়া এবিএম আব্দুস সাত্তার রূপালী ব্যাংক পিএলসির বোর্ড অব ডিরেক্টর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।










