দেশের বিভিন্ন নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দেশে সংগ্রহ করা ৩৫টি ড্রেজারকে পরিচালনা করার জন্য ১৭টি আন্তর্জাতিক মানসম্পন্ন টাগবোট নির্মাণ করা হচ্ছে। ১৬৬ কোটি টাকা ব্যয়ে কানাডার বরাট অ্যালাইনের নকশা অনুযায়ী নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ডে এ টাগবোটগুলো নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। গতকাল  নারায়ণগঞ্জের বন্দরে টাগবোর্ডের কিললেয়িং (নির্মাণকাজ শুরুর আনুষ্ঠানিকতা) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর শাসন আমলে নারায়ণগঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ড, খুলনা ডকইয়ার্ড ও চট্টগ্রাম ডকইয়ার্ড পরিত্যক্ত হয়ে পড়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এ ডকইয়ার্ডগুলো নৌ-বাহিনীর কাছে পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন। যার কারণে ডকইয়ার্ডগুলো জীবন্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে ডকইয়ার্ডগুলো।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীমাতৃক বাংলাদেশে নৌ-চলাচল যত বেশি স্বাভাবিক হবে, দেশের অর্থনীতিতে তত বেশি সচল হবে। কারণ সড়কপথের চেয়ে নদীপথে যেকোনো পণ্য পরিবহন সাশ্রয়ী।

সোনাকান্দা ডকইয়ার্ড ব্যবস্থাপনা পরিচালক কমডোর এসএম মনিরুজ্জামান জানান, ১৬৬ কোটি টাকা ব্যয়ে প্রথম ধাপে ১০টি এবং দ্বিতীয় ধাপে সাতটিসহ মোট ১৭টি টাগবোট নির্মাণের জন্য বিআইডব্লিউটিএর সঙ্গে সোনাকান্দা ডকইয়ার্ডের চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এসব টাগবোট নির্মাণ করে বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, দেশে সংগ্রহ করা ড্রেজারগুলো বিভিন্ন নদীতে নিয়ে যাবে এসব টাগবোট। এছাড়া নদীতে কোনো জলযান বিকল হয়ে পড়লে সেসব নৌযানকে টেনে মেরামতের জন্য ডকইয়ার্ডে নিয়ে আসতে সহায়তা করবে এসব উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট।