বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমীর খসরু বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা ট্রেডিং পোস্ট বা বাণিজ্যিক হাব হিসেবে দেখতে চাই। যেখানে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা নির্দ্বিধায় আসতে পারবেন।’

সিলেটে আইটি ইন্ডাস্ট্রি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তথ্যপ্রযুক্তি খাত। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের এ খাতে চাকরি দেয়া হবে। বিদেশে যেসব তরুণ আইটিতে দক্ষ, তাদের দেশে আনার উদ্যোগ নেয়া হবে।’

আমীর খসরু বলেন, ‘ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে।’

দেশীয় পণ্য বিদেশে রফতানির উদ্যোগ বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের সেই সুযোগ তৈরি করে দেয়া হবে। কৃষিপণ্য বিদেশে রফতানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম আব্দুল মালেক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।