ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর পরপরই কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শত শত নেতাকর্মী ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিস্থিতি শান্ত হলে নিরবিচ্ছিন্নভাবে সম্মেলনের কার্যক্রম চলে।
দুপুর সোয়া ১২টার দিকে নবীনগর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলনের অতিথিরা উপস্থিত হন। জাতীয় সংগীতের পর অতিথিরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে জাগরণী গান পরিবেশন করা হয়। গান শেষ হওয়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান এবং ওই আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের নাম ধরে কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন। কিছু সময়ের মধ্যেই দুই নেতার কর্মী-সমর্থকেরা উত্তেজিত হয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এ সময় কর্মী-সমর্থকেরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে মঞ্চের নেতারা মাইকে ঘোষণা দিয়ে কর্মীদের শান্ত হতে বলেন। তবে ১০ মিনিট ধরে চেয়ার ছোড়াছুড়ি চলে।
পরিস্থিতি শান্ত হওয়ার পর সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল-মামুন সরকার।










