চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন। আজ বুধবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে ঘটনাস্থলে ৭ জন মারা যাওয়ার পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যান। নিহতদের মধ্যে চার জন পুরুষ, তিন জন নারী ও দুইটি শিশু। লোহাগাড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবদুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর হোসেন বলেন, চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসটি লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মেয়ে শিশুসহ সাতজন নিহত হয়। পরে হাসপাতালে আরো দুইজন মারা গেছেন বলে জেনেছি।

এই কর্মকর্তা আরো বলেন, নিহতদের নাম-ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি। মাইক্রোবাসের চালকের মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইল নিয়ে পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে কক্সবাজার দিকে যাচ্ছিল। আমরা নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগের চিকিৎসক সুস্মিতা সাহা জানান, সকালে লোহাগাড়া এলাকায় হওয়া দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন শিশু ও একজন পুরুষ মারা গেছেন। এখন একজন শিশু ও একজন তরুণীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার রোডের চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়।