চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন বাকলিয়া অ্যাকসেস রোড চন্দনপুরা অংশে প্রাইভেট কারকে ধাওয়া করে ব্রাশফায়ার করে জোড়া খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে নগরীর বহদ্দারহাট ও ফটিকছড়ি উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মো. বেলাল ও মোহাম্মদ মানিক। বেলালকে বহদ্দারহাট থেকে এবং মানিককে ফটিকছড়ি উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে গুলি চালানো কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বেলাল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি ক্রিম-রঙের টি-শার্ট পরিহিত ছিলেন। সিসিটিভি ফুটেজে তাকে সরাসরি প্রাইভেট কারের দিকে গুলি চালাতে দেখা গেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ১ এপ্রিল নগরীর বাকলিয়া থানায় খুন হওয়া বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অন্য আসামিরা হলেন সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না (২৭), মোহাম্মদ হাছান (৩৬), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।










