ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার সংবাদমাধ্যমের সম্পাদক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞের মতামত নেবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল সাড়ে ১০টায় টেলিভিশন চ্যালেন এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ হবে। পরদিন নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে ইসি। গতকাল ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন রুহুল আমিন মল্লিক।
গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘সংলাপ পর্ব’ শুরু করে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এ ধারাবাহিকতায় পূজার ছুটির পর আবারো সংলাপে বসছে কমিশন।
সংলাপে আমন্ত্রিতদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সবার প্রত্যশা। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে চান। ইসি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন ও বিধি সময়ের সঙ্গে সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে এবং হচ্ছে। নির্বাচন পরিচালনায় রয়েছে প্রশিক্ষিত জনবল। তার পরও জাতীয় নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পাদনে দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধাসহ সবার মতামত ও পরামর্শ প্রয়োজন।
এ সংলাপ এক থেকে দেড় মাস চলবে। নিবন্ধিত দলগুলোর সঙ্গেও চলতি মাসে বসার কথা রয়েছে।
রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে সাংবিধানিক এ সংস্থাটি। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হওয়ার কথা।










