নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার চারদিনেও সন্ধান মেলেনি নিখোঁজদের। অপেক্ষায় থাকা স্বজন উদ্ধার তত্পরতা নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। গতকাল নদীর দুই তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা। এ সময় অনুসন্ধান কার্যক্রমের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনরা।
গতকাল সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল। দুপুর পর্যন্ত অনুসন্ধানে ট্রলার কিংবা নিখোঁজ কারো মরদেহ উদ্ধার করতে না পারায় ক্ষোভ বাড়ে নদীর দুই পাড়ে অপেক্ষমাণ স্বজনদের। এক পর্যায়ে ফতুল্লার ধর্মগঞ্জের পাড় ও বক্তাবলীর প্রতাপনগর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন এবং মরদেহ অন্তত ফিরে পাওয়ার আকুতি জানান তারা।
লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার কিংবা নিখোঁজ ১০ যাত্রীর সন্ধান দিতে না পারায় নদীর তীরে অবস্থান নেয়া স্বজনরা উদ্ধার কার্যক্রম নিয়ে
প্রশ্ন তোলেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিখোঁজদের স্বজনরা দুর্ঘটনার চারদিনেও স্বজনের লাশ না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে স্বজনরা নদীরপাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি শান্ত
করে।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। তাদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ আরো চারটি সংস্থা। গতকাল পর্যন্ত নিখোঁজ কারো সন্ধান মেলেনি।
এদিকে গত বুধবার বিকালে গ্রেপ্তার এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূইয়া ও সুকানি মো. জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছে বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য। তাছাড়া জব্দ করা হয়েছে লঞ্চটিও। এ ঘটনায় জেলা প্রশাসন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, ধলেশ্বরী নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সবার আগে নদীতে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধান পেতে জোর প্রচেষ্টা চলছে। এখনো ডুবে যাওয়া ট্রলার বা নিখোঁজ কারো হদিস পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ট্রলারডুবির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার লঞ্চের মাস্টারসহ তিনজনকে পাঁচদিনের রিমান্ড চেয়ে গত বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছিল। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন আলমের আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।










