চট্টগ্রামের লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (২৮ মার্চ) লোহাগাড়া থানা পুলিশ ও বনবিভাগের অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে এসব তক্ষক উদ্ধার করা হয়। এসময় তক্ষকসহ মো. বিল্লাল (৩২) নামের একজনকে আটক করা হয়। শনিবার পাচারকারী বিল্লালকে কারাগারে পাঠানো হয়েছে। পরে উদ্ধার হওয়া তক্ষকগুলোকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু বণিক বার্তাকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় থেকে ১১টি তক্ষকসহ একজন আটক হয়েছে। এসময় লোহাগাড়া পুলিশ, পদুয়া রেঞ্জ বন বিভাগ সহায়তা করে। জব্দ করা তক্ষক স্থানীয় সংরক্ষিত বনে অবমুক্তি করার পাশাপাশি পাচারকারীর বিরুদ্ধে লোহাগাড়া থানায় বন আইনে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, তক্ষক একটি সরীসৃপ প্রাণী। দৈহিক গঠন অনুযায়ী তারা জলে, স্থলে এমনকি গাছ বা দেয়ালে চলাচল করতে সক্ষম। সরীসৃপ প্রাণীরা ক্ষতিকর কীটপতঙ্গ থেকে পরিবেশের উপকারসহ খাদ্যশৃঙ্খলের ধারাবাহিকতা রক্ষা করে। তবে, পাচারকারীরা এই তক্ষক ধরে চীন, থাইল্যান্ডসহ অন্যান্য দেশে বেশি দামে বিক্রি করে।