এশিয়া কাপের গ্রুপ–‘বি’-এর শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলংকা। এ ম্যাচেই নির্ধারিত হবে শ্রীলংকা, আফগানিস্তান ও বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য। জিতলে লংকানরা বাংলাদেশকে সঙ্গী করে উঠবে পরের পর্বে। তবে আফগানিস্তান জিতলে সরাসরি উঠে যাবে সুপার ফোরে, তখন বাংলাদেশ ও শ্রীলংকাকে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে! সেখানে অবশ্য এগিয়ে রয়েছে শ্রীলংকা। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আচমকা হয়ে গেছেন শ্রীলংকার ‘ডাই হার্ড ফ্যান।’ অনেকে সামাজিক মাধ্যমে শুভ কামনা জানিয়ে শ্রীলংকাকে ভালো খেলার আহ্বান জানিয়েছেন।
সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই দলের সমর্থকদের মাঝে কথার লড়াই নিয়মিত ঘটনা। দুই দলের লড়াইকে ডাকা হয় ‘নাগিন ডার্বি’ নামে। তবে আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের আগে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের অনেকেই প্রকাশ্যে শ্রীলংকাকে সমর্থন জানাচ্ছেন। এমনকি বড় একটি অংশ সরব হয়েছেন শ্রীলংকান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজেও।
দেশটির ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজে শেষ কিছু পোস্টের প্রায় সবগুলোতেই বাংলাদেশী ক্রিকেট ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। এমনকি সেটা এতটাই যে একটি পোস্টের কমেন্টের স্ক্রিনশট নিজেদের স্টোরিতে দিয়েছে তারা। যেখানে কমেন্ট করা সকলেই বাংলাদেশী। সবার মন্তব্য অনেকটা একই ঘরানার- শ্রীলংকাকে ভালো খেলার আহ্বান।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলংকান অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক দাসুন শানাকা বাংলাদেশের সমর্থনের পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ম্যাচে আমরা বাংলাদেশী সমর্থকদের প্রার্থনা ও সমর্থন পাব।’ তবে তার স্পষ্ট কথা—তাদের একমাত্র লক্ষ্য জয়। তিনি বলেন,‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই বড় ম্যাচ। মাঠে নামার প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশী সমর্থকরা আমাদের জয়ের অপেক্ষায় আছেন, তবে আমাদের লক্ষ্য কেবল জয়।’
শ্রীলংকা ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪, আফগানিস্তানের ২। তবে নিট রানরেটে সবার চেয়ে এগিয়ে আফগানিস্তান (+২.১৫০), এরপর শ্রীলংকা (+১.৫৪৬)। বাংলাদেশের নিট রানরেট মাইনাস ০.২৭০। তাই শ্রীলংকার জয় ছাড়া বাংলাদেশের আশা কম।










