সোনারগাঁর কাঁচপুরে তিন মাসের বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন বকেয়া পাওনার দাবিতে গতকাল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেন সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা। এতে রাস্তার দুই পাশে শত শত পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কারসহ যানবাহন আটকা পড়ে। দীর্ঘসময় আটকে থাকার কারণে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।
গতকাল সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টা দুটি মহাসড়ক আটকে রাখেন শ্রমিকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বললে ১৩ জুলাই শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয়, তখন শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। কিছু শ্রমিককে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে যানবাহন চলাচল শুরু হয়।
আন্দোলরত শ্রমিকরা জানান, সিনহা ওপেক্স গ্রুপে প্রায় ১৪ হাজার শ্রমিকের তিন মাসের (এপ্রিল, মে ও জুন) বেতন বকেয়া পড়েছে। এছাড়া শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির টাকা বকেয়া, পাঁচ বছর ধরে শ্রমিকদের গ্র্যাচুইটি বকেয়াসহ সার্ভিসের টাকা ছাড়া জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়া এবং বেআইনিভাবে কারখানা লে-অফ দেয়াসহ নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কাবখানার কয়েক হাজার শ্রমিক লাঠিসোটা নিয়ে প্রথমে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও বন্ধ করে দেন। এ সময় রাস্তার দুই পাশে শত শত পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স আটকা পড়ে।










