নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতীরে অর্ধশত অবৈধ ড্রেজার উচ্ছেদ করেছে নদীবন্দর কর্তৃপক্ষ। মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী অভিযানে শীতলক্ষ্যার তীর দখল করে স্থাপিত অর্ধশত ড্রেজার ও পাইপ উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক মোবারক হোসেন প্রমুখ।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যার নদীতীর দখল করে স্থাপিত অবৈধ ড্রেজার ও পাইপ উচ্ছেদে দুই দিনব্যাপী অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার কাঁচপুর শিমরাইল থেকে সোহাগপুর টেক্সটাইল পর্যন্ত শীতলক্ষ্যার উভয় তীরে স্থাপিত মোট ২৭টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়। বুধবার সোহাগপুর টেক্সটাইল থেকে মদনগঞ্জ পর্যন্ত ২১টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়। শীতলক্ষ্যা নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।