বগুড়া-নগরবাড়ী মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের এক শিশুকন্যাসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন দুইজন। আজ মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার সরিষাকোল কবরস্থান সংলগ্ন স্থানে ঢাকাগামী সরকার ট্রাভেলস বাস একটি অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী গ্রামের আন্না রাণী সূত্রধর (৩৫), তার স্বামী কাঞ্ছ সূত্রধর (৪০) ও তাদের শিশুকন্যা সিমা সূত্রধর (৭)। এ ঘটনায় নিহত কাঞ্ছ সূত্রধরের ছেলে শুভ সূত্রধর (১৬) ও অটোরিকশা চালক আহত হয়েছে।
শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, বিকালে কাঞ্ছ সূত্রধর, তার স্ত্রী আন্না রাণী সূত্রধর তাদের দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা যোগে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক দিয়ে শাহজাদপুর ফিরছিলেন। অটোরিকশাটি উপজেলার সরিষাকোল কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছলে পাবনা থেকে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আন্না রাণী সূত্রধর নিহত হন।
এসময় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা কাঞ্ছ সূত্রধর (৪০), সিমা সূত্রধর (৭) ও শুভ সূত্রধরকে (১৬) উদ্ধার করে প্রথমে বেসরকারি পিপিডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক কাঞ্ছ সূত্রধর (৪০) ও তার শিশুকন্যা সিমা সূত্রধরকে (৭) মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শুভ সূত্রধর ও ভ্যানচালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরেই নিহত ৩ জনের মরদেহ নিজ বাড়ি উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, দুর্ঘটনার খর পেয়ে পুলিশ যাওয়ার আগেই স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছেন। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারীকে আট করা সম্ভব হয়নি।










