কক্সবাজারে একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফের বাহারছড়ার উত্তর শীলখালীর মোহাম্মদ মন্জুর প্রকাশ কল মন্জুর, তার স্ত্রী আমিনা খাতুন ও ছেলে মোহাম্মদ ফোরকান। 

সেই সঙ্গে মন্জুর ও তার স্ত্রীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ফোরকানকে ৫০ হাজার টাকা অনাদায়ে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়রা প্রথম আদালতে শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারক নিশাত সোলতানা।

মামলার প্রধান আসামি মোহাম্মদ ফোরকান পলাতক। তবে তার বাবা-মা উপস্থিত ছিলেন। 

মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফ বাহারছড়ার উত্তর শীলখালী বইল্যাছড়া এলাকায় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে হামলা করা হয়। পরদিন তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেন নিহত আব্দুল করিমের স্ত্রী খোরশিদা বেগম। 

এ মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২১ সালের ১৭ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়। তার আগে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন।