শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবির বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ নিয়ে আজ শুক্রবার দুপুর ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে সেলফোনে কথা বলেছেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা ঢাকায় আসো। তারপর আমরা আলোচনা করি। সবার পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একটি প্রতিনিধি দল নিয়ে আসো৷ যাতে প্রতিনিধি দলের সিদ্ধান্ত সবাই মেনে নেয়।’

মন্ত্রীর সঙ্গে কথা শেষে শিক্ষার্থী সাদিয়া আফরিন সাংবাদিকদের বলেন, আমরা আলোচনা করে একটি দল মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। ঘন্টাখানেকের মধ্যেই যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে আলোচনা চললেও ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন চলবে বলে জানান শিক্ষার্থীরা।  প্রতিনিধি দল ঠিক করার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আলোচনা শুরু করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিনিধি দল ঠিক করার জন্য নিজেদের মধ্যে আলোচনা করছিলেন।

এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের কথা বলিয়ে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল আলমও শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেন এবং শিক্ষকদের একটি প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। 

অন্যদিকে গুরুতর অসুস্থ অনশনরত ১৪ শিক্ষার্থীকে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে থেকে রাফি নামে এক শিক্ষার্থী কিছুটা সুস্থ হয়ে অনশনস্থলে ফিরে গেছেন।