আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেজন্য রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে মঞ্চ তৈরির কাজ। এছাড়া আগামী শনিবার তারেক রহমান ভোটার হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল সংবর্ধনা মঞ্চ তৈরিসহ সামগ্রিক কার্যক্রম পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের ছেলেরা সার্বক্ষণিকভাবে এখানে অবস্থান করছে। কাজ করছে। মঞ্চ নির্মাণের কাজ চলমান রয়েছে। তার আসাটা রাজনীতিতে নিশ্চিতভাবে প্রভাব ফেলবে। দেশব্যাপী এটিই এখন আলোচনার বিষয়। লাখো মানুষকে সমবেত করার পরিকল্পনা আমরা করিনি। কিন্তু তার আগমনে লাখো মানুষের জাগরণের প্রতিফলন ঘটবে বলে আশা করছি।’
নিরাপত্তা শঙ্কার প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এ মুহূর্তে পুরো জাতিই শঙ্কার মধ্যে রয়েছে। নিরাপত্তা যতটুকু নিশ্চিত করার দরকার আমরা সেই চেষ্টা করছি। সরকারের কোনো ধরনের অসহযোগিতা নেই।’
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এ ফেরার প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বণিক বার্তাকে বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে যতটুকু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব সেটি করছে। মূলত রাষ্ট্রেরই প্রধান দায়িত্ব নিরাপত্তা বিধান করা। সেক্ষেত্রে ম্যাডামকে দেখতে যাওয়া এবং ৩০০ ফিটে উপস্থিত জনগণ এবং নেতাকর্মীকে শুভেচ্ছা জানাতে যাওয়ার জন্য নিরাপত্তা বিধানটি সরকারকেই নিশ্চিত করতে হবে। রাস্তার দুই ধারে জনগণ এবং নেতাকর্মীরা থাকবেন। সরকারের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে। সরকারও প্রস্তুতির কাজে ইতিবাচক সাড়া দিচ্ছে।’
এদিবে ২৫ ডিসেম্বর দেশে এসে দুইদিন পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী শনিবার ভোটার হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।’
গতকাল নির্বাচন ভবনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান তিনি।










