উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানুয়ারিতে লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) তিনি বণিক বার্তাকে এ তথ্য জানান।

জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারির প্রথমার্ধে উনাকে ইউকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। যদিও সঠিক তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। যথা সময়ে সেটি (নির্ধারিত তারিখ) আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।

তিনি বলেন, মেডিকেলের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি বিমানে সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে যাবেন। তার সঙ্গে চিকিৎসকের একটি দল, পরিবারের কয়েকজন সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তারাও যাবেন।

খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে। সেখানে কয়েকদিন অবস্থানের পর যুক্তরাষ্ট্র যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য।

খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে পূর্ব বাল্টিমোরে বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসাও নিয়েছেন তিনি।