ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাম প্রসাদ পাল বলেন, 'এই বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ। আমরা সবাই এক। এপার-ওপার ব্যারিকেড থাকলেও আমরা বাঙালি হিসেবে সবাই এক। আমি বাংলাদেশে ঘুরতে এসেছি। আনন্দ করতে এসেছি।' আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রবেশের সময় তিনি এসব কথা বলেন।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বন্দরে মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, স্বেচ্ছাসেবক লীগের ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কিংকর ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহ আলমসহ বাংলাদেশে মন্ত্রীর বেশ কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।

ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে মাদক আসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চার বছর যাবৎ বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে লড়াই করছে। বর্তমানে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য ৭০ ভাগ কমে গেছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে আমাদের প্রশাসনিক সিস্টেমে যথেষ্ট কাজ করা হচ্ছে। কড়া হাতে মাদক ব্যবসায়ীদের দমন করা হচ্ছে।

তিনি আরো বলেন, সমস্যা দীর্ঘদিনের, এটা নির্মূল করতে গিয়ে আমাদেরও সমস্যা হচ্ছে। সরকার একা সেটা পারবে না। জনগণকে সহায়তা করতে হবে। আমরা চেষ্টা করছি ত্রিপুরা থেকে কোনো প্রকার মাদক যেন না আসে। মাদক পাচার না কমার বিষয়টি আমি সরকারিভাবে জানাব। যেভাবে বিষয়টি ওঠালে কাজ হবে সেভাবেই উঠাব।

বিএসএফের বাধায় আখাউড়ায় ইমিগ্রেশন নির্মাণকাজ বন্ধ রাখা, কসবায় রেলপথ নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জেনে বলবেন বলে উল্লেখ করেন তিনি।

স্ত্রী ও স্বজনসহ বাংলাদেশে আসেন মন্ত্রী রাম প্রসাদ। ঢাকা হয়ে রাজশাহী যাওয়ার কথা রয়েছে তার।