বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে শুধু সাংবাদিকতা নয়, যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছিল, তারা ঠিকমতো ব্যবসা করতে পারেনি। ছিল লুটপাটের ব্যবসা। এজন্য সাধারণ ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ ছিল না। সাংবাদিকতার বেলায়ও তাই হয়েছে।’

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে ‘ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা: জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান স্টাডি সার্কেল, যুক্তরাষ্ট্রের উদ্যোগে সেমিনারটি আয়োজিত হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানীর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান স্টাডি সার্কেলের প্রধান নির্বাহী মোহাম্মদ কাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম।