চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমর উদ্দিন (৩৬) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে হলদিয়া আমির হাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কমর উদ্দিন উত্তর সত্তা ২ নম্বর ওয়ার্ডের হাজী মোহাম্মদ আলীর ছেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নিয়ে যাওয়া হলে রাতেই তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, শনিবার তারাবির নামাজের পর হলদিয়া আমির হাট বাজারে অফিস কক্ষের ভিতরে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে কমর উদ্দিনকে উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে চমেক হাসপাতালে আনা হয়।
তিনি আরো জানান, হাসপাতালে আনার পরে তাকে পরীক্ষা নিরীক্ষার পরে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করে।










